আবারও একত্রে মেসি, সুয়ারেজ, বুসকেতস, আলবা
জয় দিয়ে মায়ামির মৌসুম শুরু
সাড়ে তিন বছর পর একসাথে প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস, জর্দি আলবা। এবারও প্রতিযোগিতায় ঘরের মাঠ চেস স্টেডিয়ামে জয় পেলেন তারা। যে দলের হয়ে আজ তাদের পুনর্মিলনী হলো, সেই ইন্টার মায়ামিও মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। দু’টি গোলই তৈরি করেছেন মেসি আর লক্ষ্যভেদ করে জালে বল জড়ালেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ।
মায়ামির হয়ে আজ প্রথমবার এরকম একটি সুয়ারেজ মাঠে নামায় তাদের একসঙ্গে খেলার নতুন পালাও শুরু হলো। গত মৌসুমেই মেসি, বুসকেতস ও আলবা মায়ামিতে নাম লিখিয়েছিলেন।

মায়ামির সময়টা ভালো যাচ্ছিল না। প্রাক্-মৌসুমে খেলা ৭ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে, হেরেছে ৪ ম্যাচে। সৌদি আরবে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে মেসিরা হজম করেছিলেন ৬ গোল। আল হিলালের বিপক্ষে হার ৪-৩ ব্যবধানে। তাই মৌসুমে দারুণ কিছু করতে হলে শুরুটা ভালোভাবেই করতে হতো মেসিদের। সেটাই তারা করছেন।
এর আগে ২০২০ সালের আগস্টে বার্সেলোনার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তারা। সেই ম্যাচে বায়ার্নের কাছে বার্সা হেরেছিল ৮-২ গোলে।
বার্সায় এই চার ফুটবলারের একসঙ্গে খেলার পালা ভাঙে সুয়ারেজ বিদায় নেওয়ায়।
