সিরিজ বাঁচাতে আজ টাইগারদের অগ্নিপরীক্ষা
সংগৃহীত
যেখানে এক সময় ওয়ানডে ফরম্যাট ছিল বাংলাদেশের গর্বের জায়গা, সেখানে এখন যেন এটাই সবচেয়ে দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের মতো তুলনামূলক নবীন প্রতিপক্ষের কাছে বারবার হারের গ্লানি যেন আরেকবার গ্রাস করতে চলেছে টাইগারদের। আজ আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে, যেখানে হারলেই হোয়াইটওয়াশ নয়, সঙ্গে যুক্ত হবে আরেকটি ওয়ানডে সিরিজ হার।
আফগানদের বিপক্ষে আগের চার সিরিজে প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ, তবে শেষ দুটি গেছে আফগানদের পকেটে। এবারও প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে মেহেদী হাসান মিরাজের দল। আজ যদি হার মানতে হয়, তবে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারবে বাংলাদেশ, যার মানে র্যাংকিংয়ে আরও পিছিয়ে পড়া এবং ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশায় বড় ধাক্কা।
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড মোটেই ভালো নয়। চলতি বছরে ছয়টি ম্যাচে মাত্র একটিতে জয়, আর গত এক বছরে জিতেছে কেবল দুটি ওয়ানডে। এর প্রতিফলন পড়েছে আইসিসি র্যাংকিংয়েও—দল নেমে গেছে দশে। অথচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী দুই বছরের মধ্যে থাকতে হবে শীর্ষ আটে।
প্রথম ম্যাচে ব্যাটিং ধসই গলার কাঁটা হয়ে দাঁড়ায়। ভালো শুরু করেও থেমে যেতে হয় ২২১ রানে। সাইফ হাসান ওয়ানডে অভিষেকে ছন্দ খুঁজে পাননি, শান্ত ব্যর্থতার বৃত্তে বন্দি, আর ফিফটি পাওয়া মিরাজ ও হৃদয় ইনিংসটাকে বড় করতে পারেননি। আফগান স্পিনারদের সামনে ১৬৮টি ডট বল খেলেছে বাংলাদেশের ব্যাটাররা—যা তাদের সংগ্রহে বড় প্রভাব ফেলে। রশিদ খান, আজমত উল্লাহ ওমর জাই মিলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন একের পর এক ব্যাটারকে।
আজকের ম্যাচে তাই রীতিমতো হিসেবি খেলায় নামতে হচ্ছে বাংলাদেশকে। ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, কমাতে হবে ডট বলের সংখ্যা, বাড়াতে হবে স্ট্রাইক রোটেশন। প্রতিপক্ষের দুই প্রধান অস্ত্র রশিদ ও ওমর জাইকে ঠেকানোই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী ফ্যাক্টর। পাশাপাশি বোলারদেরও জ্বলে উঠতে হবে শুরু থেকেই।
বাংলাদেশ যদি আজ জিততে পারে, তাহলে সিরিজে সমতা ফিরে আসবে এবং শেষ ম্যাচটি রূপ নেবে অলিখিত ফাইনালে। রেটিং পয়েন্টেও যুক্ত হবে কিছুটা স্বস্তি। কিন্তু হারলে শুধু সিরিজ নয়, হারিয়ে যাবে আত্মবিশ্বাসও।
আজকের এই ম্যাচ তাই শুধুই আরেকটা ওয়ানডে নয়—এ যেন বাংলাদেশের জন্য আত্মমর্যাদা রক্ষার লড়াই। ফলাফল যাই হোক, টাইগারদের চোখে মুখে আজ যে দায়বদ্ধতার ছাপ থাকা জরুরি, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
