১০০ রানে হারল বাংলাদেশ
টার্গেটটা আহামরি ছিল না। তবে বোলিংয়ের মতো ব্যাটিংয়ে ছন্দ দেখাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে টাইগ্রেসরা হেরেছে নিউজিল্যান্ডের কাছে, ১০০ রানের ব্যবধানে।
আজ ভারতের গোহাটিতে বিশ্বকাপের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে মাত্র ১২৭ রান তুলতেই সবকটি উইকেট হারায় বাংলাদেশ।
২২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ধসের মুখে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৩৩ রানে ৬ উইকেট হারায় টাইগ্রেসরা। একে একে সাজঘরে ফেরেন শারমিন আক্তার (৩), রুবাইয়া হায়দার (৪), সোবহানা মোস্তারি (২), অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪), সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তার (১)।
আসা যাওয়ার খেলায় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। উইকেট রক্ষার চেষ্টায় ৮০ বলের ইনিংসটি ২ বাউন্ডারিতে সাজান তিনি। ৩৯ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান পান রাবেয়া খান। ১৭ রান করেন নাহিদা আক্তার। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
বাংলাদেশের ইনিংসে ৮ ওভারে ২১ রানের খরচায় ৩ উইকেট নেন নিউজিল্যান্ডের জেস কের। ৩ উইকেট পান লি তাহুহু-ও। ৬ ওভারে ২২ রান দেন তিনি। রোসমেরি মেইরের সংগ্রহ ২ উইকেট। একটি উইকেট পান অ্যামেলিয়া কের।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৯ রান করেন ব্রুক হালিডে। ১০৪ বলের ইনিংসটি ৫ চার ও ১ ছক্কায় সাজান তিনি। ৮৫ বলে ২টি করে চার-ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোফি ডিভাইন।
এছাড়া সুজি বেইটস ২৯, ম্যাডি গ্রিন ২৫, ইসাবেলা গেইজ ১২ ও লি তাহুহু ১২* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
নিউজিল্যান্ডের ইনিংসে ১০ ওভারে ৩০ রানের খরচায় ৩ উইকেট নেন বাংলাদেশের রাবেয়া খান। একটি মেডেন নেন তিনি। এছাড়া একটি করে উইকেট পান মারুফা আক্তার, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন।
