আফগানিস্তান সিরিজেও খেলা হচ্ছে না লিটনের
বাঁ-পাঁজরের চোটে ভুগছেন লিটন কুমার দাস। বিসিবির মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী, তার সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। এ কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন জাকের আলী, যিনি এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও নেতৃত্ব দিয়েছিলেন।
লিটনের অনুপস্থিতি টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ওয়ানডে দলেও একাধিক বদল আসতে পারে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখের দলে টিকে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া লিটন ছিটকে গেলে ওয়ানডে স্কোয়াডে ডাক পেতে পারেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান।
এশিয়া কাপে ১৬ সদস্যের দল ছিল বাংলাদেশের। লিটনের জায়গায় বিবেচনায় আছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। খুলনায় এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে ফর্মে ফিরেছেন এ দুজন। সৌম্য খেলেছেন ঝড়ো ইনিংস—৩৪ বলে ৬৩ রান, স্ট্রাইকরেট ছিল ১৮৫.২৯। আর আফিফ মিডলঅর্ডারে খেলেছেন ৪৫ বলে ৫০ রানের ইনিংস, স্ট্রাইকরেট ১১১.১১ হলেও দলের স্কোর গড়তে বড় ভূমিকা রেখেছেন।
বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল মনে করেন, লিটনের বিকল্প হিসেবে আফিফকে দলে নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত। তিনি অস্ট্রেলিয়া সফরে চার নম্বরে ভালো ব্যাটিং করেছিলেন। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজে বোলিং লাইনআপে পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলে যোগ দিতে পারেন পাঁচজন ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভীর ইসলাম ও অধিনায়ক নিজে। টি-টোয়েন্টি শেষে আমিরাত থেকে ফিরবেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।
আজ দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। ঘোষণার পর লিটনকে দেশে ফিরতে হতে পারে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য। অন্যদিকে মিরাজ-শান্তরা কাল বা পরশু দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের আগে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তবে এনসিএল টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত থাকায় ৪ অক্টোবর আবুধাবি যাওয়া নিয়েও ভাবা হচ্ছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আগে গেলে অনুশীলনের সুবিধা পাওয়া যাবে এবং প্রয়োজনে টি-টোয়েন্টি দলে মিরাজকেও ব্যবহার করা যাবে।
