ফাইনালের আগে ‘আরেক ফাইনাল’, সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত
টানা দুই জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই হারে বিদায় হয়েছে শ্রীলঙ্কার। ভাগ্য আগেই নির্ধারণ হওয়ায় আজ এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে কম গুরুত্বপূর্ণ এই লড়াই-ই উপহার দিয়েছে টুর্নামেন্টের সেরা ম্যাচ। দুই দলের বিধ্বংসী ব্যাটিংয়ে খেলা হলো টাই। আর সুপার ওভারে গড়ানো ম্যাচে শেষ হাসিটা হেসেছে ভারত।
আজ দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়েই ২০২ রান করে শ্রীলঙ্কা। এতে খেলা গড়ায় সুপার ওভারে। তবে ১ ওভারের লড়াইয়ে ভারতের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। আগে ব্যাটিংয়ে নেমে আর্শদীপ সিংয়ের মোকাবিলায় ২ উইকেট হারিয়ে ২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে হাসারাঙ্গার করা ওভারের প্রথম বলেই তিন রান নিয়ে ম্যাচ জিতে নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। ৩১ বলের ইনিংসটি ৮ চার ও ২ ছক্কায় সাজান তিনি। ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলক ভার্মা। এছাড়া সঞ্জু স্যামসন ৩৯, অক্ষর প্যাটেল ২১* ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
২০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরি হাঁকান পাথুম নিশাঙ্কা। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০৭ রান করেন তিনি। ফিফটি মারেন কুশাল পেরেরা। ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন তিনি। এছাড়া দাসুন শানাকা ২২* রান করেন।
আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
