শেষ সুযোগের ম্যাচে বড় রদবদলের আভাস বাংলাদেশের
ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সুপার ফোরে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
শ্রীলঙ্কার কাছে পরাজয়ের ফলে বাংলাদেশ গ্রুপ পর্বে টিকে থাকলেও, পরবর্তী ধাপে যেতে হলে আজকের ম্যাচ জিততেই হবে। কিন্তু তাতেও নিশ্চিন্ত থাকা যাবে না। অন্য ম্যাচগুলোর ফল বাংলাদেশের বিপক্ষে গেলে জয় পেয়েও বিদায় নিতে হতে পারে টাইগারদের। তাই সব দিক থেকেই আজকের ম্যাচটি হয়ে উঠেছে ‘মাস্ট উইন’ পরিস্থিতির এক চরম উদাহরণ।
এই চাপের ম্যাচে মাঠে নামার আগে একাদশে আসছে নজরকাড়া পরিবর্তনের আভাস। ব্যাটিংয়ে সুবিধা করতে না পারা তাওহীদ হৃদয়ের জায়গায় দলে ঢুকতে পারেন সাইফ হাসান। নেদারল্যান্ডস সিরিজে যিনি আলো ছড়িয়েছেন নিজের ব্যাটিংয়ে।
স্পিন বিভাগেও আসতে পারে পরিবর্তন। এখনো পর্যন্ত বল হাতে খুব একটা প্রভাব ফেলতে না পারা রিশাদ হোসেনকে বসিয়ে একাদশে আনা হতে পারে নাসুম আহমেদকে। বাঁহাতি এই স্পিনার উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে পারদর্শী, যা কাজে লাগতে পারে আফগানিস্তানের বিপক্ষে।
পেস আক্রমণেও রদবদল আসতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাড়মেড়ে বোলিং করা শরিফুল ইসলামের বদলে খেলানো হতে পারে তাসকিন আহমেদকে, যিনি চোট কাটিয়ে ফিরেছেন এবং বল হাতে আক্রমণাত্মক ভূমিকা রাখতে পারেন।
এই পরিবর্তনগুলো আসলে একটি ইঙ্গিত— দল এখন ব্যর্থতা মেনে নেওয়ার নয়, লড়াই করে টিকে থাকার পথে হাঁটতে চায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
