বার্সেলোনার হারে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগা
২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের শিরোপা জয়টা অনুমেয়ই ছিল। আজ রাতে কাদিজকে হারিয়ে ট্রফির সম্ভাবনা আরও জোরদার করে গ্যালাটিকোরা। আর অন্য ম্যাচে জিরোনার মাঠে বার্সেলোনার হার চ্যাম্পিয়ন বানিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে।
লা লিগায় রাতের প্রথম ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গোল তিনটি করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহ্যাম এবং হোসেলু। পরের ম্যাচে মন্টিলিভি স্টেডিয়ামে স্বাগতিক জিরোনার কাছে ৪-২ গোলে পরাস্ত হয় বার্সেলোনা। এতে ৪ ম্যাচ হাতে রেখে ৩৬তম স্প্যানিশ লা লিগা শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০২১-২২ মৌসুলে লীগ চ্যাম্পিয়ন হয়েছিল সর্বোচ্চ লা লিগা শিরোপার মালিক দলটি। গত মৌসুমে ২৭তম লা লিগা জেতে বার্সেলোনা।
৩৪ ম্যাচে ২৭ জয় ও ৬ ড্রয়ে ৮৭ পয়েন্ট নিয়ে লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে দুইয়ে ও তিনে যথাক্রমে জিরোনা এবং বার্সেলোনা। ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট ব্লাউগ্রানাদের। জিরোনার পয়েন্ট ৭৪। শীর্ষস্থানীয় তিন দলের সবার ৪টি করে ম্যাচ বাকি রয়েছে। এতে কোনো জয় না পেলেও ক্ষতি নেই রিয়ালের। শতভাগ জয়েও শিরোপা জিততে পারবে না বার্সেলোনা কিংবা জিরোনা।
