ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য বেড়ে দ্বিগুণ
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি কিছু। গত ওয়ানডে বিশ্বকাপেই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে দেখা গিয়েছে দর্শকদের উন্মাদনা। ওয়ার্ল্ডকাপে গ্রুপপর্বের ম্যাচটির টিকিট নিয়ে কাড়াকাড়ি তো ছিলই। এমনকি হোটেল সংকটে আহমেদাবাদের হাসপাতালগুলোতে থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে সবার। দর্শক প্রিয়তার প্রভাবে দল দুটির ম্যাচের টিকিটের দাম বেড়েছে দ্বিগুণ।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। টুর্নামেন্টের গ্রুপপর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারত-পাকিস্তান ম্যাচের চাহিদা বেশি থাকায় এরইমধ্যে টিকিটের দাম দ্বিগুণ বেড়েছে। যেখানে বিক্রির শুরুর দিকে টিকিটের দাম ছিল ১ হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪২ হাজার টাকার বেশি)। সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ২ হাজার ৫০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল।
