নতুন ব্যবসায় মেসি
ফুটবল পায়ে নৈপুণ্য দেখিয়ে বিশ্বজোড়া নাম কামিয়েছেন লিওনেল মেসি। তারকাখ্যাতি ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যেও সাফল্য পাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। একাধিক বিজনেসে বিনিয়োগ করা মেসি এবার বাজারে আনছেন হাইড্রেশন ড্রিংক।
বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে জলযোজন পানীয়টি বাজারে আনছেন লিওনেল মেসি। আগামী জুনেই এটি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিক্রি করা হবে। গত বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এই পানীয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন মেসি। ভিডিওটিতে মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়। মেসি সেখানে বলেন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ হাইড্রেশন (জলযোজন) সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের জলযোজন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’
গত মার্চেই হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন। মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের পক্ষে দেওয়া বিবৃতিতে মেসি বলেছিলেন, ‘আমি বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত। আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি। এমন কিছু আমি আগে কখনোই করিনি।’
