ইউরো জিতবে ইংল্যান্ড, প্রত্যাশা গার্দিওলার
দরজায় কড়া নাড়ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ইউরোপ সেরার প্রতিযোগিতা শুরুর আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে চলছে বিশ্লেষণ। আর আসন্ন আসরের শিরোপা ইংল্যান্ডের শো-কেসে দেখছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
২০১৮ বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ২০২১ ইউরো ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হারে গ্যারেথ সাউথগেটের দল। আর ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। মেজর টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক সাফল্যের সুবাদেই আসন্ন ইউরোতে ইংল্যান্ডের সম্ভাবনা দেখছেন সিটি কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘তারা খুবই ভালো দল। এটা শুধু স্ট্রাইকারদের মেধার জন্য না, পুরো প্যাকেজ ও দলের জন্য। আর গ্যারেথ (সাউথগেট) সঠিকভাবে জানে তাকে কী করতে হবে। আমার ভাবনা এবং সবার ভাবনা এমন যে, সবশেষ প্রতিযোগিতা যেমন বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তারা সামনে এগিয়েছে। তারা একেবারে কাছাকাছি আছে, একদম নিকটে। তারা একবার ফাইনালে হেরেছে এবং একবার সেমিফাইনালে উঠেছে।’
নিজের দল ম্যান সিটির সঙ্গে ইংল্যান্ডের তুলনা টেনে গার্দিওলা বলেন, ‘আপনি যখন প্রতি দুই বছরে এ পর্যায়ে পৌঁছাবেন, তার মানে এটা ঘটতে (শিরোপা জয়) যাচ্ছে। আমাদের সঙ্গেও এমনই হয়েছে। আমরাও খুব কাছাকাছি ছিলাম এবং শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরেছি।’
