আজই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে রিয়াল
স্প্যানিশ লা লিগা
অবিশ্বাস্য কিছু না ঘটলে স্প্যানিশ লা লিগায় ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের অপেক্ষার অবসান হতে পারে আজই। শিরোপার জন্য রাতে কাদিজকে হারাতে হবে গ্যালাটিকোদের। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে বার্সেলোনা-জিরোনা ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে রিয়াল-কাদিজ ম্যাচ। আর মন্টিলিভি স্টেডিয়ামে রাত সাড়ে ১০টায় বার্সেলোনাকে আতিথ্য দেবে জিরোনা।
৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে দুইয়ে ও তিনে যথাক্রমে বার্সেলোনা এবং জিরোনা। ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট ব্লাউগ্রানাদের। জিরোনার পয়েন্ট ৭১। আজ রাতে কাদিজের হারের পর বার্সেলোনা-জিরোনা ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কাদিজকে হারালে রয়্যাল হোয়াইটদের পয়েন্ট হবে ৮৭। পরের ম্যাচে বার্সা-জিরোনার কেউ জয় না পেলে মৌসুমের বাকি ৪ ম্যাচের সবকটি হারলেও ক্ষতি নেই রিয়ালের। ম্যাচ ড্র করলে বার্সেলোনা ও জিরোনার পয়েন্ট হবে যথাক্রমে ৭৪ ও ৭২। এতে বাকি চার ম্যাচে শতভাগ জয় পেলে বার্সেলোনার পয়েন্ট হবে ৮৬। আর জিরোনার হবে ৮২। জিরোনা যদি বার্সেলোনাকে হারিয়ে দেয় তাহলেও চ্যাম্পিয়ন রিয়াল। সেক্ষেত্রে বাকি ৪ ম্যাচের সবকটি জিতেও মাদ্রিদিস্তাদের ছুঁতে পারবে না জিরোনা। কারণ তাদের পয়েন্ট হবে ৮৬। তবে বার্সেলোনা জিতলে অপেক্ষা বাড়বে রিয়ালের। থাকবে না জয়ের বিকল্প।
