অভিষেকে ফিফটি, রেকর্ডবুকে তানজিদ তামিম
জিম্বাবুয়ে সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা শুরু হলো তানজিদ হাসান তামিমের। আর অভিষেকেই বাজিমাত করলেন বাঁহাতি এই ব্যাটার। হাঁকালেন ফিফটি। নাম তুললেন রেকর্ডবুকে।
জিম্বাবুয়ের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস (১)। লিটন ব্যর্থ হলেও ব্যাট হাতে জিম্বাবুইয়ান ব্যাটারদের শাসন করছেন তানজিদ হাসান তামিম। ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে তানজিদের রানই ৫৭*। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে ফিফটি হাঁকালেন তামিম। প্রথমবার এই নজির স্থাপন করেছিলেন জুনায়েদ সিদ্দিকী। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেছিলেন এই সাবেক ব্যাটার।
