লণ্ডভণ্ড জিম্বাবুয়ে দেখালো ‘লেজের শক্তি’
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মোড়কে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। এ নিয়ে হয়েছে সমালোচনাও। ওয়ার্ল্ডকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়েকে হারিয়ে ‘ফেইক কনফিডেন্স’ জড়ো করতে চায় বিসিবি, উঠেছে এমন অভিযোগও। আজ চট্টগ্রামে জিম্বাবুইয়ানদের ব্যাটিং ধসে সমালোচকদের সুর আরো জোরদার হতে পারে। যদিও পঞ্চাশ ছোঁয়ার আগেই ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে দেখিয়েছে লেজের শক্তি। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ১২৪ রান। জয় পেতে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।
আজ চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৪১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। মেহেদী হাসানের করা দ্বিতীয় ওভারের ২য় বলে বোল্ড হন ২ বল খেলে রানের খাতা খুলতে না পারা ক্রেইগ আরভিন। শুরুর ধাক্কা সামলে ২৮ রানের জুটি গড়েন জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেট। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ৫ম ওভারের শেষ বলে জয়লর্ড ১৭ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর মাত্র ৫ রান তুলতে আরো ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এর মধ্যে তিনজনই- সিকান্দার রাজা, সিন উইলিয়ামস ও রায়ান বার্ল গোল্ডেন ডাক মারেন। আর ব্রায়ান বেনেট ১৬ ও লুক জঙ্গি ২ রানে আউট হন। ৪১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপরই নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় জিম্বাবুয়ে। দলের বিপদে ব্যাট হাতে নৈপুণ্য দেখান ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা। ১৮.৩ ওভারে মাদান্দে আউট হওয়ার আগে বিধ্বংসী ব্যাটিংয়ে দুই ক্রিকেটার মিলে দলীয় সংগ্রহে যোগ করেন ৭৫ রান। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাদান্দে। ওয়েলিংটন মাসাকাদজা খেলেন ৩৪ রানের ইনিংস।
জিম্বাবুয়ের ইনিংসে তিনটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি উইকেট পান মেহেদী হাসান।
