‘ভিনিসিয়ুসের মানসিক সমস্যা আছে’
স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বস্তিদায়ক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কার্লোস টার্তিয়ে স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আবারো বিতর্কের জন্ম দিয়েছেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ওভিয়েদোর সাবেক গোলরক্ষক এস্তেবান সুয়ারেজ তো তাকে ‘মানসিক সমস্যাগ্রস্ত’ বলেও মন্তব্য করেছেন।
এদিন রিয়ালের শুরুর একাদশে জায়গা পাননি ভিনিসিয়ুস। কোচ জাবি আলোনসো ম্যাচের ৬৩ মিনিটে তাকে মাঠে নামান। তখন মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে। মাত্র আধা ঘণ্টারও কম সময় খেলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনি। কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করার পর নিজেও জালে বল জড়িয়ে দেন। পারফরম্যান্সে নজর কাড়লেও আচরণে বিতর্ক এড়িয়ে যেতে পারেননি তিনি।
মাঠে নামার কিছুক্ষণ পরই পেনাল্টি আদায়ের জন্য ডাইভ দেওয়ার চেষ্টা করেন ভিনি। অভিনয় ধরা পড়ায় রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখতে হয় তাকে। এরপর এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করার পর উদযাপনের মুহূর্তেও বিতর্ক সৃষ্টি হয়। ভিনি গ্যালারির দিকে কিছু বলতে যাচ্ছিলেন, তখন এমবাপ্পে তার মুখ চেপে ধরেন। তবুও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দর্শকদের দিকে রাগ প্রকাশ করেন। ওভিয়েদো সমর্থকরাও চুপ থাকেননি, তারা তাকে উদ্দেশ করে ‘ইডিয়ট! ইডিয়ট!’ স্লোগান দিতে থাকেন। এর জবাবে ভিনি হাতের ইশারায় ওভিয়েদোকে দ্বিতীয় বিভাগে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। অথচ দীর্ঘ ২৪ বছর পর এবছরই লা লিগায় প্রমোশন পেয়েছে ক্লাবটি। ফলে তার আচরণকে অপমানজনক মনে করেছেন অনেকেই।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে অবশ্য ভিনিসিয়ুস শান্ত ভঙ্গিতেই বলেন, “আমি যেমন আছি, তেমনই আছি।”
ওন্ডা সেরোর রাদিও এস্তাদিও নোচে অনুষ্ঠানে সাবেক ওভিয়েদো গোলরক্ষক এস্তেবান সুয়ারেজ তার আচরণের কড়া সমালোচনা করেছেন। সুয়ারেজ বলেন, “ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে। এই মাঠে প্রথমবার খেলতে এসেছে সে, কোনো শত্রুতা নেই। তারপরও ৩০ হাজার দর্শককে বলে দিল ‘তোমরা সেগুন্দায় যাও’। এটা নিছকই মানসিক বা সামাজিক সমস্যা।”
