ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কোথায়?
টেস্ট র্যাঙ্কিং
ভারতকে দুইয়ে নামিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট জাতীয় দল। আজ বাৎসরিক র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুবাদেই টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। গত বছর ওভালে ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্টে শ্রেষ্ঠত্বের শিরোপা জেতে প্যাট কামিন্সের দল। শীর্ষে ফেরা অস্ট্রেলিয়ার রেটিং এখন ১২৪। ৩০ টেস্টে ৩ হাজার ৭১৫ পয়েন্ট অজিদের। অবনমন হয়ে দুই নম্বরে নামা ভারতের রেটিং ১২০ এবং ৩ হাজার ১০৮ পয়েন্ট। শীর্ষস্থানীয় দুই দল বাদে সেরা দশে আসেনি আর কোনো পরিবর্তন।
১৭ ম্যাচে ৯০৬ পয়েন্ট ও ৫৩ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে বাংলাদেশ। টাইগারদের পর জিম্বাবুয়ে। মাত্র ২ টেস্টে ৪৬ পয়েন্ট অর্জন করা জিম্বাবুইয়ানদের রেটিং ২৩। তিনে থাকা ইংল্যান্ডের ১০৫ রেটিং। ১০৩ রেটিং নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৬। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো যথাক্রমে পাকিস্তান (৮৯ রেটিং), শ্রীলঙ্কা (৮৩ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৮২ রেটিং)।
টেস্টে শ্রেষ্ঠত্ব হারালেও বাৎসরিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর স্থান ধরে রেখেছে ভারত। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। ৫০ ওভারের ক্রিকেটে দুইয়ে অস্ট্রেলিয়া। আট নম্বরে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। দুই ধাপ উন্নতি করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ থেকে চার নম্বরে উঠে এসেছে তারা। চার থেকে পাঁচে নেমেছে নিউজিল্যান্ড। এক ধাপ উন্নতিতে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই ধাপ পিছিয়ে সাতে পাকিস্তান। আগের মতোই ৮ম, ৯ম এবং ১০ম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
