মেসির আরেকটি ‘প্রথম’ পুরস্কার
বর্ণাঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসির একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতার ওয়ার্ল্ডকাপে সেই অভাব মোচন হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবকিছু জেতা মেসি মেজর লীগ সকারে (এমএলএস) পাচ্ছে নতুন নতুন খেতাবের স্বাদ। গত মাসে এমএলএসের সপ্তাহ সেরার পুরস্কার জেতা ইন্টার মায়ামি অধিনায়ক এবার পেলেন মাস সেরা ফুটবলারের স্বীকৃতি।
লিওনেল মেসির নৈপুণ্যে এপ্রিল মাসে অপরাজিত ইন্টার মায়ামি। এই সময়ে হেরন’রা জিতেছে তিন ম্যাচ, ড্র করেছে একটি। চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল দিয়েছে মায়ামি। এর ১০টিতেই অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। ৬টি গোলের সঙ্গে ৪টি অ্যাসিস্ট করেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ মেসিকে এপ্রিল মাসের সেরা ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ। এ নিয়ে টানা দুই মাস এমএলএসের মাস সেরার পুরস্কার গেলো ইন্টার মায়ামিতে। মেসির আগে মার্চ মাসের সেরা হন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ।
সপ্তাহ সেরা এবং মাস সেরার পুরস্কার জেতা মেসি রয়েছেন আরেকটি অর্জনের দৌড়ে। সব মিলিয়ে এবারের এমএলএসে মেসির গোল এখন পর্যন্ত ৯টি। এমএলএসের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ে বাকিদের চেয়ে এগিয়েই আছেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পর আছেন রিয়াল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই সমান ৮টি করে গোল। ৭ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও নিউইয়র্ক রেড বুলসের স্কটিশ ফুটবলার লুইস মরগান।
