হেরেও যে অনুপ্রেরণা পেলো বাঘিনীরা
একাই লড়লেন নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস অধিনায়ক বাদে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জুতসই ব্যাট করতে পারলেন না বাংলাদেশের আর কেউ। এতে পাঁচ ম্যাচ সিরিজের শুরুটা বাজে হলো বাঘিনীদের। তবে ব্যাটিং ব্যর্থতায় হারের দিনেও একটি ইতিবাচক দিক খুঁজে বের করেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
ভারতের ইনিংস ফিফটির কোঠা পেরোনোর আগে দুই ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা। সুযোগ পেয়ে পাওয়ার প্লেতে মারকুটে ব্যাটিং করেন শেফালি ভার্মা, স্বস্তিকা ভাটিয়ারা। শুরুটা বিধ্বংসী করলেও শেষে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা। প্রথম ১৩ ওভারে ১০৩ রান তোলা ভারত পরের ৭ ওভারে তুলেছে ৪২ রান। শেষ ৫ ওভারে আসে ৩৫ রান। ম্যাচ শেষে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল দেড়শ-এর বেশি রান তুলবে তারা। তবে শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা ছন্দ দেখিয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা পরের ম্যাচের অনুপ্রেরণা হতে পারে। পরবর্তী ম্যাচে আমাদের আরো আত্মবিশ্বাসী হতে হবে।’
ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে জ্যোতি বলেন, ‘যখন আপনি ১৪০+ রান তাড়া করবেন, তখন পাওয়ার প্লেতে রান তুলতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা তা করতে পারেনি।’
জ্যোতি বলেন, ‘আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে আজ তারা নিজেদের শতভাগ দিতে পারেনি। আশা করি, পরের ম্যাচে ছন্দে ফিরব আমরা।’
