মোনাকোতে যোগ দিলেন পল পগবা
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নিজের দেশেই। বিনা ট্রান্সফারে লিগ ওয়ানের ক্লাব এএস মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার।
শনিবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘদিনের ডোপিং নিষেধাজ্ঞা শেষে ক্যারিয়ার পুনরায় শুরু করার আশায় নিজের ঘরের মাঠেই ফিরছেন পগবা।
স্পোর্টস চ্যানেল ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, পগবা সৌদি প্রো লিগের একটি ক্লাবের কাছ থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। বরং নিজ দেশ ফ্রান্সে ফিরে আসাকেই শ্রেয় মনে করেছেন তিনি।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জুভেন্টাসের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন পগবা। এরপর তিনি ডোপিং টেস্টে ব্যর্থ হন। তার শরীরে পাওয়া যায় ডিএইচইএ নামক একটি উপাদান, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। এ জন্য ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক আদালতে আপিল করে তিনি শাস্তি কমিয়ে ১৮ মাসে আনতে সক্ষম হন।
জুভেন্টাস ও পগবার মধ্যে চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তবে ২০২৩ সালের নভেম্বরে উভয়পক্ষ সম্মত হয়ে চুক্তি বাতিল করে। এরপর থেকেই গুঞ্জন চলছিল—পগবা হয়তো যুক্তরাষ্ট্রের এমএলএস কিংবা সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিতে পারেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সেই ফিরলেন তিনি।
জন্মসূত্রে ফরাসি হলেও পল পগবা এর আগে কখনোই ফ্রান্সের কোনো পেশাদার ক্লাবের হয়ে খেলেননি। লে আভরের যুব একাডেমি থেকে উঠে এলেও তার ক্লাব ক্যারিয়ার কাটে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মধ্যেই।
এখন দেখার বিষয়, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নতুন করে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এই প্রতিভাবান মিডফিল্ডার। ফরাসি ফুটবলপ্রেমীরা নিশ্চয়ই পগবার ফিরে আসা নিয়ে আশাবাদী।
