জয় পেতে টাইগ্রেসদের প্রয়োজন ১৪৬ রান
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে ভারত নারী ক্রিকেট দল। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় ভারতীয়রা। স্মৃতি মান্ধানাকে ৯ রানে সাজঘরে ফেরান ফারিহা তৃষ্ণা। শুরুর ধাক্কা সামলে ৪৩ রানের জুটি গড়েন শেফালি ভার্মা এবং স্বস্তিকা ভাটিয়া। ৯ম ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান নিয়ে ক্রিজ ছাড়েন শেফালি। দলীয় সর্বোচ্চ রান আসে স্বস্তিকা ভাাটিয়ার ব্যাট থেকে। ২৯ বলে ৬ বাউন্ডারিতে ৩৬ রান করেন তিনি। ভারত অধিনায়ক হারমান প্রীত করেন ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান। রিচা ঘোষের সংগ্রহ ২৩ রান। সাজিভান সাজানা আউট হন ১১ রানে। পূজা বস্ত্রকারের সংগ্রহ ৪ রান।
ভারতের ইনিংসে ৪ ওভারে ২৩ রানের খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পান মারুফা আক্তার। ৩ ওভারে ১৩ রান খরচ করেন এই ডানহাতি পেসার। একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন।
