জোড়া গোলে মেসির রেকর্ড, বড় জয় মায়ামির
ফর্ম দেখাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রায় প্রতি ম্যাচে পাচ্ছেন গোলের দেখা। হেরন’দের শেষ তিন ম্যাচে ৫ গোল করা আর্জেন্টাইন সুপারস্টার সবশেষ ম্যাচে পান জোড়া গোল। মেসি ম্যাজিকে আজ ভোরে গিলেত্তে স্টেডিয়ামে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে স্বাগতিক নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলের বড় জয়ে নিজে রেকর্ড গড়েন অধিনায়ক মেসি।
প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ৩২ মিনিটে ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। ৬৭ মিনিটে হেরন’দের লিডও এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার। ৮৩ মিনিটে মার্কিন মিডফিল্ডার বেঞ্জামিন ক্রিমাশ্চি স্কোরলাইন ৩-১ করেন। আর ৮৮ মিনিটে মেসির অ্যাসিস্টে ৪-১ গোলের জয় নিশ্চিত করেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
দুই গোল করে চলতি মৌসুমের গোল স্কোরারদের তালিকায় নিজেকে সবার ওপরে তুলে নেন মেসি। লীগে ৭ ম্যাচ খেলে তার গোল এখন ৯টি। তবে আরো বড় এক কীর্তিতে তার নাম খোদাই হয়ে যায় এই ম্যাচ দিয়ে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে একাধিক গোলে অবদান রাখলেন মেসি। মেজর লীগ সকারের ইতিহাসে এমন কিছু আগে করতে পারেননি আর কোনো ফুটবলার।
১১ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন টেবিলের শীর্ষে ইন্টার মায়ামি। তলানিতে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৪।
