আইপিএল: ক্রিকেট নাকি বেসবল?
রান বন্যা বইছে আইপিএলে। প্রায় প্রতি ম্যাচেই চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রাখেন ব্যাটাররা। গতকাল এমনই একটি বিধ্বংসী ম্যাচ উপহার দিলো পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলের ব্যাটাররা ম্যাচে ছক্কা হাঁকায় ৪২টি! বোলিংয়ে নেমে ব্যাটারদের তাণ্ডবের শিকার হন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেনও। ম্যাচ শেষে এই ইংলিশ পেসার বলেন, দিনদিন বেসবলে পরিণত হচ্ছে ক্রিকেট।
কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করতে নেমে পাঞ্জাব জিতেছে ৮ উইকেটে। ৪২টি ছক্কা হয়েছে আইপিএলের এই ম্যাচে। টি-টোয়েন্টিতে যা এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। ম্যাচ শেষে পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন বলেন, ‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে, তাই না? ব্যাপারটা অবিশ্বাস্য ছিল। ২টি পয়েন্ট পেয়ে সত্যিই আনন্দিত। এমন ম্যাচের তুলনা চলে না। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কয়েকটি সপ্তাহ বাজে (৫ ম্যাচে প্রথম জয়) গিয়েছিল, আমরা এরপরও হাল ছাড়িনি। স্কোর ভুলে যান… জয়টা আমাদের প্রাপ্য ছিল।’ এদিন কলকাতার ইনিংসে বল হাতে ৪ ওভারে ১ উইকেট নিয়ে ৬০ রান খরচ করেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। যা আইপিএলে কোনো অধিনায়কের সবচেয়ে খরুচে বোলিং। গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স দিয়েছিলেন ৫৫ রান। এক দিনের ব্যবধানে কামিন্সের রেকর্ড ভাঙেন কারেন।
আইপিএলে রান বন্যার ব্যাখ্যা দিয়ে স্যাম কারেন বলেন, ‘আমার মনে হয়, আলাদা করার মতো অনেক কিছুই আছে। খেলোয়াড়েরা যেভাবে অনুশীলন করে এবং তারা দীর্ঘ সময় ধরে বল মারতে পারে। আমার মনে হয় এটা আত্মবিশ্বাস থেকে আসে, এর পাশাপাশি কোচ এবং আমরা যেভাবে অনুশীলন করি, সেসব বিষয় তো আছেই।’
আইপিএলে সর্বোচ্চ ৮টি দলীয় সংগ্রহের মধ্যে ৭টিই এসেছে এবারের মৌসুমে। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৩৮ ছক্কার রেকর্ডটাও এবারই দেখা গিয়েছিল—গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচে রেকর্ডটি হয়, পরে ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও সানরাইজার্সের মধ্যে ম্যাচও সেই রেকর্ডে ভাগ বসায়। এবার ৪২ ছক্কায় আগের রেকর্ড ভাঙলো কলকাতা-পাঞ্জাব ম্যাচ।
