ইতিহাস গড়লেন আর্জেন্টিনার মাস্তান্তুয়ানো
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ইতিহাস গড়েছেন তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। সদ্য সমাপ্ত চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে তার অভিষেক ঘটে সিনিয়র দলের হয়ে। আর এই ম্যাচ দিয়েই তিনি হয়ে গেলেন আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়।
মাত্র ১৭ বছর ২৯৫ দিন বয়সে জাতীয় দলের হয়ে মাঠে নামেন মাস্তান্তুয়ানো। যদিও সব ধরনের (প্রতিযোগিতামূলক বা প্রীতি) ম্যাচ বিবেচনায় আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটি রয়েছে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার, যিনি মাত্র ১৬ বছর তিন মাস বয়সে জাতীয় দলে অভিষেক করেছিলেন।
এদিকে গুঞ্জন রয়েছে, মাস্তান্তুয়ানো শিগগিরই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। যদি এই দলবদল বাস্তবায়িত হয়, তবে এটি হবে আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার।
