‘তুর্কি মেসি’র নৈপুণ্যে শিরোপার আরো কাছে রিয়াল
লা লিগা
বয়স ১৯ বছর, লেফ্ট ফুটেড আর্দা গুলের পরিচিত তুর্কি মেসি হিসেবে। আর্জেন্টাইন সুপারস্টারের ‘ফ্যান বয়’ এই তার্কিশ উইঙ্গারের গোলেই গতকাল স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে হারায় রিয়াল মাদ্রিদ। অ্যানোয়েতা স্টেডিয়ামে পাওয়া ১-০ গোলের এই জয়ে লা লিগা শিরোপার দৌড়ে আরো কিছুটা এগিয়ে যায় গ্যালাটিকোরা।
ঘরের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য দেখায় রিয়াল সোসিয়েদাদ। ৫৭ শতাংশ বল দখলে রেখে ৯টি শটের ৩টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। বিপরীতে ৪৩ শতাংশ বল দখলে রাখা রিয়াল ৫টি শটের ৩টি লক্ষ্যে রাখে। দাপট দেখাতে না পারলেও ২৯তম মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালের অ্যাসিস্টে গোলটি করেন আর্দা গুলের। গত জুলাইয়ে তুর্কি ক্লাব ফেনারবাখ থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এই তরুণ উইঙ্গার স্প্যানিশ লা লিগায় ৬ ম্যাচে দ্বিতীয় গোল পেলেন। আর এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো রিয়ালের একাদশে সুযোগ পান গুলের।
৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনা পিছিয়ে ১৪ পয়েন্টে। ৩১ ম্যাচে ২১ জয় ও ৭ ড্র ব্লাউগ্রানাদের পয়েন্ট ৭০। মৌসুমের বাকি ৫ ম্যাচে দুটি জয় পেলেই বিনা হিসেবে শিরোপা জিতবে রিয়াল মাাদ্রিদ। দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোদের পয়েন্ট হবে ৯০। বাকি ৬ ম্যাচে শতভাগ জয় পেলে বার্সেলোনার পয়েন্ট হবে ৮৮।
রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক আর্দা গুলেরকে প্রশংসায় ভাসিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আর্দা (গুলের) গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’
