বিতর্ক নয়, খেলায় মনোযোগ টাইগ্রেসদের
ভারত সিরিজ
ঘরের মাঠে ভারত সিরিজ দিয়ে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে তীব্র গরম আর ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের ‘বিতর্ক’-এর প্রসঙ্গ সামনে আসছে। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না টাইগ্রেস ক্রিকেটার নাহিদা আক্তার। তার ভাষ্য, বাঘিনীদের নজর খেলায়।
আগামী ২৮ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-ভারত নারী দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলো ৩০ এপ্রিল, ২, ৬ এবং ৯ মে। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লড়াইয়ে নামার আগে আজ সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার বলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে… আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’
ভারত সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে নাহিদা বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে।’
নাহিদা বলেন, ‘আমাদের ভালো খেলতে হবে। এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলবেন, সেদিন ম্যাচ জিতবেন। আমাদেরও সে চেষ্টাই থাকবে। এখন আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।’
গত বছর ভারতের বিপক্ষে মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জমজমাট লড়াইয়ের পর ২-১ এ হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে দুই দলের ৩ ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তবে বাংলাদেশের মেয়েদের দারুণ পারফরম্যান্স ছাপিয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং ও অসদাচরণের ঘটনা। এক আউটকে কেন্দ্র করে পক্ষপাতী আম্পায়ারিংয়ের অভিযোগ তোলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। ব্যাটের আঘাতে ভেঙে ফেলেন স্টাম্পও। এই বিতর্কের প্রসঙ্গটা সিরিজ শুরুর আগে ফের আলোচনায়। নাহিদা বলেন, ‘আমরা ওসব নিয়ে চিন্তা করছি না। আমরা চিন্তা করি মাঠে কীভাবে ভালো ক্রিকেট খেলব, কীভাবে জয় পাব…।’
নাহিদা বলেন, ‘শক্তির জায়গায় যারা ভালো করবে, তারাই এগিয়ে থাকবে। আমাদের বোলাররা ভালো করছে, ব্যাটাররাও করছে। ফিল্ডিংয়ে চেষ্টা করছি কীভাবে আরো ভালো করা যায়।’
