ব্রাজিলিয়ান ব্রুনোর গোলে জয় আবাহনীর
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে শেখ রাসেলকে হারিয়েছে ঢাকা আবাহনী। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনোর গোলে ১-০ ব্যবধানের জয় পায় আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
১৭ মিনিটে উল্লেখযোগ্য প্রথম আক্রমণ করে আবাহনী। তবে বক্সের বাইরে থেকে ব্রুনোর ফ্রি কিক লাফিয়ে প্রতিহত করেন শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। তবে গিনিয়ান স্ট্রাইকার সেকু সিল্লাহর আক্রমণ ছুটে এসে ব্যর্থ করে দেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। এরপর সুমন রেজার ফিরতি শট যায় ক্রসবারের ওপর দিয়ে। ৭৪ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে নিজের হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ব্রুনো। শেষ দিকে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুনি শট আটকে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক মিতুল।
১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে বিপিএল লীগ টেবিলের তিনে আবাহনী লিমিটেড ঢাকা। ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে শেখ জামাল। শীর্ষে থাকা বসুন্ধরার ৩১ পয়েন্ট। আর ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারায় ফর্টিস এফসি। তিন ম্যাচ পর জয়ে ফেরা ফর্টিস ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ।
