নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল
দেশের ফুটবলের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে সরকার। এতে ফিফার নিষেধাজ্ঞা শঙ্কায় পড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। খবরটি দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।
স্পেনের ফুটবল ফেডারেশন দেখাশোনার জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) জানিয়েছে, ফেডারেশনে চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় সরকার কমিটি গঠন করেছে। যা নতুন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে। ফিফার আইন অনুসারে, কোনো দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। ফিফা ও উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের এই অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। ফুটবলের দুই সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’
বেশ কয়েক মাস ধরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে অস্থিরতা বিরাজ করছে। গত বছর নারীদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের নারী ফুটবলারকে চুমু দেন আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেস। এতে তাকে বরখাস্ত করা হয়। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটকও হন তিনি। স্পেনের সরকারি সংস্থা সিএসডি বিশেষ কমিটি গঠনের ঘোষণার বিবৃতিতে লিখেছে, ‘আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার কমিটি গঠনের সিদ্ধান্তটি নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এই কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা।’
