আত্মতুষ্টিতে ভুগছে না ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লীগে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। শিরোপার লড়াইয়ে রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। বাকি দুই দলের চেয়ে ভালো অবস্থানে আছে সিটি। নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে স্কাই ব্লু’রা। গতকাল রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে ৪-০ গোলে হারায় ম্যান সিটি। এই জয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছে না সিটি কোচ পেপ গার্দিওলা।
ফালমার স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলটি করেন বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। ৩৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এই ইংলিশ উইঙ্গার। আর ৬২ মিনিটে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
৩৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৪। আর্সেনাল ও লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলায় শিরোপার দৌড়ে সুবিধাজনক অবস্থানে সিটি।
ব্রাইটন ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল, আসলেই ভালো ফল। আমি আগেও বলেছি, আগে যা করেছি সেগুলো অতীত, এর মানে এই না যে ভবিষ্যতেও একই কাজ করে যেতে পারব আমরা। আমরা জানি ব্যবধানটা খুবই কম। আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। প্রতি ম্যাচই আমাদের আরো কাছে নিয়ে যাবে।’
গার্দিওলা বলেন, ‘লিভারপুলের কী হয়েছে, টানা দুই ম্যাচ হেরেছে। এমনটা হতে পারে আর্সেনালের, এমনটা হতে পারে আমাদেরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখনো লড়াইয়ে আছি। আর সেখানে আরো অনেক ম্যাচ খেলতে হবে।’
