ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের বিসমাহ
পাকিস্তান নারী ক্রিকেটের প্রসঙ্গ আসলে চলে আসে বিসমাহ মারুফের নাম। দীর্ঘ ১৮ বছর ধরে গ্রিন ক্যাপদের প্রতিনিধিত্ব করছেন এই ক্রিকেটার। এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বিসমাহ।
অবসর নিয়ে দেয়া বিবৃতিতে বিসমাহ বলেন, ‘যে খেলাটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়- এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
পিসিবিকে ধন্যবাদ জানিয়ে বিসমাহ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। পিসিবির কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেটি অমূল্য। বিশেষ করে তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা-পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’
পাকিস্তানের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেক হয় বিসমাহ মারুফের। দেশটির নারী দলের হয়ে রেকর্ড ২৭৬টি ম্যাচ খেলেছেন এই স্পিনিং অলরাউন্ডার। বল হাতে ৮০ উইকেট নেয়া বিসমাহ রান করেছেন ৬ হাজার ২৬২। সেঞ্চুরির দেখা না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার ফিফটির সংখ্যা ৩৩টি। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিসমাহ। ২০২০ ও ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ২০২২ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি।
