বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে যা বললেন সাকিব
আইসিসির একেকটি ইভেন্ট আসে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বুনতে শুরু করে নতুন স্বপ্ন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আশাবাদী টাইগার ভক্তরা। বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কতটুক আশাবাদী সাকিব আল হাসান? বিশ্বসেরা অলরাউন্ডারের উত্তর, ‘বলা মুশকিল’। একইসঙ্গে ভালো পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব।
২০০০ সালে আইসিসির পূর্ণ সদস্য হয় বাংলাদেশ ক্রিকেট। ২৪ বছর হলেও আইসিসির বৈশ্বিক আসরে টাইগারদের নেই কোনো অর্জন। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। এবার কি শেষ হবে টাইগার সমর্থকদের অপেক্ষার পালা? সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউই যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই।’
আত্মবিশ্বাসের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’
এর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিরোপা সম্ভাবনা নিয়ে বলেছিলেন, ‘প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব (বাংলাদেশের সম্ভাবনা) নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা… এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনে ভেতেরই থাক।’ হতাশার সুর শোনানো শান্ত আত্মবিশ্বাসীও। তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ দল কী চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমার অনেক বড় কিছু করি।’
