এসব দেখলে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের শুরুতে থাকছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন ঢাকা ডিভিশন প্রিমিয়ার লীগে। জাতীয় দলের খেলা রেখে, সাকিব কেন ডিপিএলে খেলবেন- এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে সাকিবের সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিবের ভাষ্য, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই ডিপিএলে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাকিব বলেন, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোড়জোড় হাসায় সাকিবকে।
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান। আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতে খেলবেন না সাকিব। অনেকে সিরিজের শুরুতে সাকিবের না খেলার সিদ্ধান্তকে তার স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্রে থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়, মানুষ কত রকম চিন্তা করতে পারে।’
আগামী ৩ মে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলো ৫, ৭, ১০ ও ১২ মে। সাকিব জানিয়েছেন, সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলবেন না তিনি। আর এই সিদ্ধান্ত বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘যা হয়েছে বিসিবির সঙ্গে আলোচনা করেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’
সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএলে খেলব… আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুইটা ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না, তিনটা ম্যাচ খেলো। তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত ধোঁয়াশা দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
দীর্ঘদিন ক্রিকেট বিরতি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি হিসেবেই ডিপিএলে দুটি ম্যাচ খেলতে চান সাকিব। তিনি বলেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। প্রস্তুতির জন্যই আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে আর কিছু নেই।’
