প্রথম ধাপে দেশ ছাড়লো ১০ ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে। যার শুরুটা হচ্ছে ইউএই সফর দিয়ে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে ঢাকা ছেড়েছে টাইগারদের প্রথম বহর।
আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে দেশ ছেড়েছেন ১০ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাকের আলী অনিক, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা।
অধিনায়ক লিটন কুমার দাসসহ স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা আজ সন্ধ্যায়ই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ মে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মঞ্চস্থ হবে আগামী ১৯ মে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বাংলাদেশের পাকিস্তানে খেলতে যাওয়ার কথা। তবে ভারত-পাকিস্তান সংঘাতে সেই সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে, পাকিস্তানে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি স্থানান্তরিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
