জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন
বাংলাদেশ সিরিজ
বিশ্বকাপের প্রস্তুতি সারতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিপক্ষীয় এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সিকান্দার রাজার নেতৃত্বাধীন এই দলে বড় জোনাথন ক্যাম্পবেল। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে তিনি।
১৯৯২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় অ্যালিস্টার ক্যাম্পবেলের। ২০০৩ সাল পর্যন্ত বাইশগজে ছন্দ দেখান এই ওপেনিং ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের জার্সিতে ২৪৮ ম্যাচ খেলা ক্যাম্পবেল ওয়ানডে ও টেস্ট মিলিয়ে করেন ৮ হাজার ৪৩ রান। সেই কিংবদন্তি ক্রিকেটার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের অভিষেক হতে চলেছে বাংলাদেশ সিরিজে। ২৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার টি-টোয়েন্টিতে ওয়ানডাউনে ব্যাট করেন। লেগ স্পিনটাও করেন নিয়মিত।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামকে। দলের বাকিদের সবাই গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন।
অভিষেকের অপেক্ষায় থাকা জোনাথন ক্যাম্পবেল ও দুই তরুণ খেলোয়াড় ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন। জিম্বাবুয়ে সোনা জেতে সেই গেমসে।
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনেই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এরপর আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলো হবে ৫, ৭, ১০ ও ১২ মে। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামে। শেষ দুটি মিরপুরে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
