বাবরকে টপকে শীর্ষে কোহলি
টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি দুর্দান্ত মাইলফলকে পৌঁছে গেলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এখন তার ঝুলিতে। এতে টপকে গেছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজমকে।
গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলে এই অনন্য কীর্তি গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহলি। ওই ম্যাচে ৪২ বল খেলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজানো ছিল আটটি চারের সাথে দুইটি বিশাল ছক্কায়। তার স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৭।
এই ইনিংসের মাধ্যমেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ৫০ ছোঁয়া ইনিংস গড়েছেন কোহলি। বর্তমানে ৬২ বার পঞ্চাশ ছুঁয়ে তালিকার শীর্ষে আছেন তিনি। এতদিন এই রেকর্ডটা যৌথভাবে ছিল বাবর আজম ও কোহলির। আগে ব্যাটিংয়ে নেমে বাবরের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৬১টি।
তাদের পেছনে রয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল (৫৭ বার), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৫৫ বার), ইংল্যান্ডের জস বাটলার (৫২ বার) ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস (৫২ বার)।
একই ম্যাচে বিরাট কোহলি অর্জন করেছেন আরও একটি বিরল কৃতিত্ব। তিনি এখন একমাত্র ক্রিকেটার যিনি একটি নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে ৩,৫০০ রান পূর্ণ করেছেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলেই তিনি এই রেকর্ড গড়েছেন।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, যিনি মিরপুরে করেছেন ৩,৩৭৩ রান। এরপর রয়েছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (সাউদাম্পটনে ৩,২৫৩ রান), অ্যালেক্স হেলস (নটিংহ্যামে ৩,২৪১ রান), এবং বাংলাদেশের তামিম ইকবাল (মিরপুরে ৩,২৩৮ রান)।
