চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সিরি আর শিরোপা ইন্টারের
চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করল জায়ান্ট ক্লাব ইন্টার মিলান। ম্যাচে ইন্টারের পক্ষে একটি করে গোল করেন ফ্রান্সিস্কো অ্যাসের্বি ও মার্কাস থুরাম। এদিকে এসি মিলানের একমাত্র গোলটি করেন ফিকায়ো তোরোমি।
ইতালিয়ান সিরি আতে এখন পর্যন্ত ৩৩টি করে ম্যাচ খেলেছে ইন্টার মিলান ও এসি মিলান। সর্বোচ্চ ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইন্টারের সংগ্রহে রয়েছে ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুইয়ে থাকা এসি মিলানের ঝুঁড়িতে রয়েছে ৬৮ পয়েন্ট। ফলে শেষ ৫ ম্যাচ জিতলেও ইন্টারকে টপকাতে পারবে না নগর প্রতিদ্বন্দ্বী এই ক্লাবটি।
সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে প্রায় দুদল সমানতালে খেললেও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে স্বাগতিক দল এসি মিলান। পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে এসি মিলান। আর ইন্টারের গোলবার বরাবর মোট শট নিয়েছে মোট ৬টি। এতে গোল এসেছে মাত্র একটি।
এদিকে পুরো সময়ের ৪৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে ইন্টার মিলান। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট তিনটি। এতে গোল দুটি গোল পেয়েছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে এসি মিলান এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। উল্টো ম্যাচের ১৮তম মিনিটে গোলের দেখা পায় ইন্টার মিলান। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানেই।
এক গোলে পিছিয়ে থাকা এসি মিলান দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধারে বাড়িয়ে দেয়। কিন্তু এরপরও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো খেয়ে বসে আরও একটি গোল। ম্যাচের ৪৯তম মিনিটে ইন্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম।
এরপরও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এসি মিলান। সেই সুবাদে ম্যাচের ৭৯তম মিনিটে এক গোল পরিশোধ করলেও হার ঠেকানো সম্ভব হয়নি। ম্যাচটি শেষ হয়েছে ২-১ গোল ব্যবধানেই।
