ভেন্যু দেখতে মিরপুরে আইসিসির প্রতিনিধি দল
উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। হোস্ট কান্ট্রি পরিদর্শনে বাংলাদেশ সফর করছে আইসিসির এক প্রতিনিধি দল। তারই অংশ হিসেবে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন আইসিসির পাঁচ সদস্য।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ার্ল্ডকাপ শুরুর আগে ম্যাচ ভেন্যুগুলো পরিদর্শনে গতকাল বাংলাদেশে আসে আইসিসির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং. পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির এই প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই পরিদর্শন করেন তারা। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামও। আগামীকাল সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল।
২০১৪ সালে প্রথমবারের মতো আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ। ১০ বছরের ব্যবধানে আরো একটি আসরের সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
