ফিঞ্চকে টপকে শীর্ষে বাবর আজম
পাঁচ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। দল হারলেও একটি রেকর্ড গড়েছেন অধিনায়ক বাবর আজম। ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
গতকাল পাকিস্তানের দেয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ছন্দ দেখান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন তিনি। যা পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এতেই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়িয়ে গেছেন বাবর। ক্যাপ্টেন হিসেবে বাবরের রান এখন ২ হাজার ২৪৬। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চের ছিল ২ হাজার ২৩৬ রান। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তাই বাবরকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ফিঞ্চের। সুযোগ রয়েছে কেইন উইলিয়ামসনের। নিউজিল্যান্ড ব্যাটার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার ১২৫ রান করেছেন। বাবরকে ছুঁতে ১২১ রান প্রয়োজন তালিকার তিনে থাকা উইলিয়ামসনের। এই তালিকায় চারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতকে ৫৪ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১ হাজার ৬৪৮ রান তুলেছেন রোহিত।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরো দুই ম্যাচ বাকি পাকিস্তানের। এই দুই ম্যাচে রান সংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে বাবর আজমের।
