সহজ ম্যাচ কঠিন করে জিতে ফাইনালে ম্যানইউ
সহজ ম্যাচ কঠিন করে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড। কভেন্ট্রি সিটি এফসির বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়ে থেকেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তিন গোল খেয়ে বসে অলরেডরা। অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে সমতায় থাকায় এফএ কাপের সেমিফাইনাল নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শেষে পেনাল্টি শুটআউটে কভেন্ট্রিকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে এরিক টেন হাগের দল। এতে রেকর্ড হয় ম্যানইউর।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। ৪৫+১ মিনিটে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। আর ৫৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ম্যানইউর পর্তুগিজ ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। ৭১ মিনিটে নাটকীয় প্রত্যাবর্তনের শুরু কভেন্ট্রির। ইংলিশ স্ট্রাইকার এলিস সিমসের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় ক্লাবটি। ৭৯ মিনিটে স্কোরলাইন ৩-২ করেন কভেন্ট্রির ইংলিশ মিডফিল্ডার কলাম ও’হারে। আর ৯০+৫ মিনিটে সফল স্পটকিকে সমতা টানেন কভেন্ট্রির মার্কিন স্ট্রাইকার হাজি রাইট।
অতিরিক্ত ৩০ মিনিট শেষে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। সেখানেও ম্যানইউর হয়ে কাসেমিরোর নেয়া প্রথম শট ঠেকিয়ে দিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন কভেন্ট্রি গোলরক্ষক ব্র্যাডলি কলিনস। তবে এরপর টানা ৪ গোল করে জয় তুলে নেয় ম্যানইউ। চার শট নিয়ে দুটি মিস করেছে কভেন্ট্রি।
এ নিয়ে সর্বোচ্চ ২২ বারের মতো এফএ কাপের ফাইনালে পৌঁছালো ম্যানচেস্টার ইউনাইটেড। আগে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিল আর্সেনালও (২১ বার)। ২০২৩ সালেও এফএ কাপের ফাইনাল খেলে ম্যানইউ। সেবার রানার্সআপ হয় রেড ডেভিলরা। ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বারের মতো ‘ব্যাক টু ব্যাক’ এফএ কাপ ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টারের দলটি। এর আগে ২০০৩-০৪ এবং ২০০৪-০৫ মৌসুমে এমন কীর্তি গড়েছিল।
এফএ কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। আগামী ২৫ মে এফএ কাপ ফাইনালের মোড়কে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে সিটি এবং ইউনাইটেড।
