পিছিয়ে পড়েও বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ
এল ক্লাসিকো
ইউরোপীয় ফুটবলের 'কামব্যাক কিং' রিয়াল মাদ্রিদ। গ্যালাটিকোদের বিপক্ষে লিড নিয়েও ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার উপায় নেই প্রতিপক্ষ দলের। এমন আরো একটি নজির স্থাপন করলো লস ব্লাঙ্কোরা। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগায় ৭৩ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জয় তুলে নেয় রিয়াল। এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে দেয় ৩-২ গোলে।
রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন ক্রিস্টেনসেন। ১৮ মিনিটে সফল স্পটকিকে সমতা টানেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ৬৯ মিনিটে ফারমিন লোপেজের গোলে আবারো লিড নেয় ব্লাউগ্রানারা। ৭৩ মিনিটে লুকাস ভাসকেজের গোলে সমতা টানে রিয়াল। আর ৯০+১ মিনিটে রিয়ালকে ৩-২ গোলের জয় উপহার দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
এল ক্লাসিকো জিতে স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে ৮১ পয়েন্ট গ্যালাটিকোদের।
সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ১১ পয়েন্টে এগিয়ে রিয়াল।
