শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হবে বার্সা
বার্সেলোনার ‘অন্ধের যষ্টি’ এখন স্প্যানিশ লা লিগা। কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়নস লীগ ব্যর্থতায় ব্লাউগ্রানাদের সামনে শুধু লা লিগা জয়ের সুযোগ। একমাত্র শিরোপার মিশনে আজ রাতে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোামুখি হবে বার্সেলোনা। ম্যাচে গ্যালাটিকোদের হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে চান ব্লাউগ্রানা কোচ জাভি হার্নান্দেজ।
২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এগিয়ে ৮ পয়েন্টে। ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট গ্যালাটিকোদের। শীর্ষস্থানীয় দুই দলই মৌসুমের ৩২তম ম্যাচ খেলতে নামবে আজ। এই ম্যাচ জিতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ থাকছে বার্সেলোনার। ম্যাচের আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘রোববার (আজ) আমরা লীগ শিরোপার জন্য খেলব। আমাদের জিততেই হবে। আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। হতাশা (চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়া) হজম করা আমাদের জন্য কঠিন। আমাদের সামনে মানসিকভাবে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ থাকবে।’
জাভি বলেন, ‘রোববার আমাদের লা লিগা শিরোপা দৌড়ে ফেরার সুযোগ আছে। এটি হবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’
জাভি বলেন, ‘বার্সা এখনও টিকে আছে। তারা খুব শক্ত প্রতিপক্ষ, পিএসজির বিপক্ষে হারলেও তারা খুব ভালো খেলছে। আমরা নিশ্চিত, অন্য সব ক্লাসিকোর মতোই হতে যাচ্ছে এটি, কঠিন লড়াই হবে। তবে শিরোপার কাছাকাছি যাওয়ার সুযোগ এটি।’
