রেকর্ড গড়ে ফাইনালে ম্যান সিটি
উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ে ট্রেবল জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে ম্যানচেস্টার সিটির। তিন শিরোপার মিশন শেষ হলেও ডাবল জয়ের সুযোগ রয়েছে সিটিজেনদের সামনে। প্রিমিয়ার লীগ শিরোপার লড়াইয়ে থাকা ‘স্কাই ব্লু’রা পৌঁছে গেছে এফএ কাপের ফাইনালে। গতকাল রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিযোগিতাটির সেমিফাইনালে চেলসিকে হারায় সিটি। ১-০ গোলের এই জয়ে রেকর্ড গড়ে ম্যানচেস্টারের ক্লাবটি।
ম্যান সিটি-চেলসির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেমিফাইনালের ফল আসে ম্যাচের ৮৪ মিনিটে। জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। এ নিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত (২৩ জয় ও ৬ ড্র) রইলো ম্যান সিটি। নিজেদের ক্লাব ইতিহাসে একটানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এটি। এ নিয়ে এফএ কাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। সবশেষ ১৯৩৩-১৯৩৪ ও ১৯৫৫-১৯৫৬ মৌসুমের মাঝে এমন কীর্তি গড়েছিল দলটি। আর ১১ বারের মতো এফএ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো চেলসি। ব্লু’দের চেয়ে বেশি বার সেমি থেকে বিদায় নিয়েছে শুধু এভারটন (১৩) এবং টটেনহ্যাম হটস্পার (১২)।
আজ রাতে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি। এই ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে ম্যানচেস্টার সিটি।
উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে টাইব্রেকারে গড়ানো সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন বের্নার্দো সিলভা। গতকাল এই পর্তুগিজ মিডফিল্ডারের নৈপুণ্যেই এফএ কাপের ফাইনালে উঠলো সিটি। ম্যাচ শেষে বের্নার্দো বলেন, ‘ফাইনালে উঠতে পেরে, এই ক্লাবের জন্য আরেকটি শিরোপা জয়ের সুযোগ তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত। নিরঙ্কুশ সমর্থনের জন্য ভক্তদের আমরা ধন্যবাদ জানাতে চাই। চ্যাম্পিয়নস লীগ ব্যর্থতার পরও আপনারা আজ অবিশ্বাস্য ছিলেন।’
