কোহলি-বাবরকে টপকে বিশ্বরেকর্ড রিজওয়ানের
বিশ্বকাপের প্রস্তুতি সারতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দিচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেও স্বাগতিকদের প্রস্তুতিপর্বের শুরুটা দারুণ হলো। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে গ্রিন ক্যাপরা। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ব্যাট হাতে মুখ্য ভূমিকায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অপরাজিত ইনিংসে পাকিস্তানকে জিতিয়ে নিজে বিশ্বরেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
গতকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের দেয়া ৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৭ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এতেই ভারতের বিরাট কোহলি এবং স্বদেশি বাবর আজমকে টপকে বিশ্বরেকর্ড গড়েন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রান এখন রিজওয়ানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে রিজওয়ানের রান ছিল ২ হাজার ৯৮১। তার রান সংখ্যা এখন ৩ হাজার ২৬। টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস ব্যাট করে তিন হাজারি ক্লাবের সদস্য হলেন রিজওয়ান। এই মাইলফলক ছুঁতে কোহলি ও বাবরের লেগেছিল ৮১ ইনিংস। ২০২১ সালের ১৪ মার্চ আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ৩ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করেছিলেন কিং কোহলি। আর ২০২২ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষেই তিন হাজারি ক্লাবের সদস্য হন বাবর। দ্রুততম তিন হাজার টি-টোয়েন্টি রানের তালিকায় কোহলি-বাবর এখন যৌথভাবে দুইয়ে। তিনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৯৮ ইনিংস লেগেছিল তার।
