১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো পাকিস্তান-নিউজিল্যান্ড
বৃষ্টির কারণে পণ্ড হয় প্রথম টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলো পাকিস্তান। গতকাল রাতে রাওয়ালপিন্ডিতে কিউইদের একশ’র আগে প্যাকেট করে ৭ উইকেটের জয় তুলে নেয় গ্রিন ক্যাপরা। নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার এই ম্যাচে ভেঙেছে ১৫ বছরের পুরনো এক রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ আমিরদের আগুনে বোলিংয়ে মাত্র ৯০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৩ উইকেটে ৯২ রান তুলে ৪৭ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। দুই দলের মোট সংগ্রহ ১৮২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের এক ম্যাচে সর্বনিম্ন মোট সংগ্রহের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ২০০৯ সালের। ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচে দুই দল মিলে ১৯৯ রান তুলেছিল।
গতকাল রাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধসের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইদের ইনিংসে সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চ্যাপম্যান। এছাড়া কোল ম্যাককঞ্চি ১৫, ডিন ফক্সক্রফ্ট ১৩ ও টিম সেইফার্ট ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
নিউজিল্যান্ডের ইনিংসে ৩.১ ওভারে ১৩ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির নিয়েছেন দুটি উইকেট। ৩ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন এই পেসার। ২ উইকেট পান আবরার আহমেদ এবং শাদাব খানও।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তানও। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো গ্রিন ক্যাপরা ৫৬ রান তুলতে হারায় মোট ৩ উইকেট। সাজঘরে ফেরেন সায়েম আইয়ুব (৪), অধিনায়ক বাবর আজম (১৪) এবং উসমান খান (৭)। শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খান জয় নিয়েই মাঠ ছাড়েন। ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৫* রান করেন রিজওয়ান। ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ইরফান খান।
পাকিস্তানের ইনিংসে একটি করে উইকেট পান নিউজিল্যান্ডের বেন লিস্টার, মাইকেল ব্রেসওয়েল এবং ইশ সোধি।
