‘ঘরের ছেলে’ নিয়ে ভয়ে ম্যান সিটি!
৮ বছর বয়সে ম্যানচেস্টার সিটির একাডেমিতে যোগ দেন। বেড়ে ওঠেন প্রিমিয়ার লীগের এই ক্লাবটিতেই। ২০২০ সালে মূল দলের হয়ে অভিষেকও হয়ে যায়। বলা যায়, কোল পালমার একদম ম্যান সিটির ঘরের ছেলে। তবে এফএ কাপের সেমিফাইনালে এই মিডফিল্ডারকে নিয়েই ভয়ে আছে ম্যান সিটি। দুর্দান্তে ছন্দে থাকা পালমার যে আর এখন সিটির নয়। আলো ছড়াচ্ছেন এফএ কাপে স্কাই ব্লুদের প্রতিপক্ষ চেলসির জার্সিতে।
ইংলিশ প্রিমিয়ার লীগে ছন্দে নেই চেলসি। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে রয়েছে ম্যান ইন ব্লু’রা। ক্লাব অফফর্মে থাকলেও আগুনে ছন্দে পালমার। ২০ গোল করে লীগে গোল্ডেন বুটের দৌড়ে সিটির আর্লিং ব্রট হালান্দের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এই ইংলিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে চেলসির হয়ে সবমিলিয়ে ৪১ ম্যাচে ২৫ গোল এবং ১৩ অ্যাসিস্ট পালমারের। তাছাড়া চেলসির শেষ তিন ম্যাচে দুই হ্যাটট্রিক করেছেন এই ফুটবলার। স্বাভাবিকভাবে আজ রাতে এফএ কাপে ম্যান সিটির দুশ্চিন্তার কারণ হতে পারেন পালমার।
গত সেপ্টেম্বরে চেলসিতে যাওয়া কোল পালমারকে নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘সে অসাধারণ ফুটবলার। সে যখন এখানে (সিটিতে) ছিল, তখনও আমরা তা জানতাম। আগেও অনেকবার বলেছি, যতটা সময় তার প্রাপ্য ছিল, তাতে ততটা খেলাতে পারিনি আমি। তবে এখন সে চেলসিতে, কারণটা পুরোপুরিই বোধগম্য।’
গার্দিওলা বলেন, ‘লাজুক একটি ছেলে সে, দারুণ সম্ভাবনাময়। কিন্তু সে এখন আমাদের ক্লাবে নেই। এটিই বাস্তবতা। সে অসাধারণ খেলছে এই মুহূর্তে। আর কী বলতে পারি!’
পালমারকে ছেড়ে দেয়ার কোনো ইচ্ছা ছিল না বলে দাবি গার্দিওলার। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি অনেক কারণেই নেওয়া হয়েছে। সে চলে যেতে চাইছিল। দুই মৌসুম ধরেই সে চলে যাওয়ার কথা বলছিল। আমি বারবার তাকে বলেছি যাতে এখানে থেকে যায়, কারণ রিয়াদ (মাহরেজ) চলে গেছে। কিন্তু সে তারপরও চলে যেতে চেয়েছে। এরপর আমরা কি করতে পারতাম?’
আজ রাতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ১০টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
