কেন ফিটনেস টেস্টে নেই সাকিব?
শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং। আজ সকালে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে রানিং সেশনে অংশ নেয় টাইগার ক্রিকেটাররা। তবে এতে অংশ নেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ কী?
আজ বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় ১৬০০ মিটার রানিং টেস্ট দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন সবমিলিয়ে ৩৫ ক্রিকেটার। ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও যোগ দেননি সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।
প্রিমিয়ার লীগের তিন ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে পবিত্র ওমরাহ পালন করতে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ঈদুল ফিতর উদযাপনে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়ে যান তিনি। এরপর দেশে ফেরেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। সূত্রের খবর, সাকিবের দেশে ফিরতে আরো দুই-তিনদিন লাগবে। সাকিবসহ যারা ফিটনেস টেস্টে অংশ নেননি, তাদের পরে এটি দিতে হবে। জানা গেছে, সৌম্য, তাইজুল ও তাসকিন চোটের কারণে ফিটনেস পরীক্ষা অংশ নিতে পারেননি।
