কানসেলোর মেয়ের মৃত্যু চায় বার্সা সমর্থকরা!
উয়েফা চ্যাম্পিয়নস লীগে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। পিএসজির কাছে হেরে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। ব্লাউগ্রানাদের বিদায়ে ডিফেন্ডার জোয়াও কানসেলোকে কাঠগড়ায় তুলছে ক্লাবটির ভক্তরা। এমনকি উগ্র সমর্থকদের কেউ কেউ, পর্তুগিজ তারকার মেয়ের মৃত্যু কামনাও করেছে!
চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পিএসজিকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে হেরে যায় ৪-১ গোলে। এতে ৬-৪ গোলে পিছিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় বার্সা। দ্বিতীয় লেগে ম্যাচের ৫৯ মিনিটে উসমান দেম্বেলেকে নিজেদের বক্সে ট্যাকল করে ফেলে দেন ম্যান সিটি থেকে বার্সায় ধারে খেলতে যাওয়া কানসেলো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ৬১ মিনিটে সফল স্পটকিকে পিএসজিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বার্সা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তখনই। ক্ষুব্ধ সমর্থকেরা ম্যাচ শেষে কানসেলোকে শুধু বাজে ভাষায় গালিগালাজই করেননি, তার পরিবারের মৃত্যুও কামনা করেছে। ইএসপিএকে দেওয়া সাক্ষাৎকারে কানসেলো বলেন, ‘লোকেরা যাচ্ছেতাই লিখেছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি, যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে। অথচ ওর এখনো জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না। কারণ তারা জানে এতে ঝামেলা হবে। কিন্তু (সোশ্যাল মিডিয়ায়) যা মন চায়, সেটাই তারা লিখতে পারে।’
কানসেলো-দানিয়েলা মাসাদো দম্পতির প্রথম কন্যা জন্ম নেয় ২০১৯ সালে। ২৭ বছর বয়সী মাসাদো বর্তমানে অন্তঃসত্ত্বা। এবারও কন্যা সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় তিনি। কানসেলোর সেই অনাগত সন্তানের মৃত্যুই চাইছে বার্সেলোনার উগ্র সমর্থকরা।
