সেমিফাইনালে অনিশ্চিত হালান্দ
এফএ কাপ
উয়েফা চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ে চূর্ণ হয়েছে ম্যানচেস্টার সিটির ট্রেবলের স্বপ্ন। এবার ডাবল জয়ের মিশনে রয়েছে সিটিজেনরা। প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ম্যান সিটি আজ এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসির। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আর্লিং ব্রট হালান্দকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ম্যান সিটি। চোটে ভুগছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোটে পড়েন আর্লিং ব্রট হালান্দ।
গত বুধবার রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষেই হালান্দকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। সে সময় অনেকে হয়তো ভেবেছিলেন, ফর্ম দেখাতে না পারায় হালান্দকে তুলে নেন সিটি কোচ। তবে সত্যিটা হলো হালান্দ সেদিন হালকা চোট পেয়েছিলেন। এফএ কাপের সেমিফাইনালে নরওয়েজিয়ান স্ট্রাইকারের খেলা প্রসঙ্গে কোচ গার্দিওলা বলেন, ‘কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। আর্লিংয়ের (হালান্দ) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা তা পর্যবেক্ষণ করব।’
হালান্দের চোট নিয়ে গার্দিওলা বলেন, ‘(রিয়ালের বিপক্ষে) ম্যাচটা খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট তীব্র লড়াই করেছে। আর্লিংয়ের মাংসপেশিতে টান লেগেছে। এ কারণেই সে আমাকে বলেছিল, সে আর খেলা চালিয়ে যেতে পারবে না। যাই হোক, আমরা আগামীকাল (আজ) ওর পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
আজ রাত ১০টা ১৫ মিনিটে ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ম্যান সিটি-চেলসির এফএ কাপ সেমিফাইনালের লড়াই। ‘ম্যান ইন ব্লু’দের মোকাবিলায় হালান্দের অনুপস্থিতি ভোগাতে পারে সিটিকে। লন্ডনের ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট নরওয়েজীয় তারকার।
