রেকর্ডবুকে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘পরিত্যক্ত’ ম্যাচ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। খেলছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে ভারি বর্ষণে সিরিজের প্রথম ম্যাচের ফল হয়নি। নিউজিল্যান্ড ইনিংসে দুটি বল হওয়ার পরই বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। ফল না হলেও ম্যাচটি নাম লিখিয়েছে রেকর্ডবুকে। গতকাল রাওয়ালপিন্ডিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ২ বল হওয়ার পরই শুরু হয় তুমুল বৃষ্টি। এতে পণ্ড হয় ম্যাচ।
টস হওয়ার পর কোনো বল মাঠে গড়ানোর আগে পরিত্যক্ত হয়ে যাওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংখ্যা ১২টি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ভারত ও স্কটল্যান্ড ম্যাচে প্রথমবার হয়েছিল এমন। স্কটল্যান্ড টসে জিতলেও মাঠে গড়াতে পারেনি একটি বলও। সবশেষ গত বছর একই দিনে এমন দুটি ম্যাচ দেখা যায় বুলগেরিয়ার সোফিয়ায়। চার জাতি টুর্নামেন্টে প্রথমে ক্রোয়েশিয়া-তুরস্কের পর বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচে টস হলেও কোনো বল হয়নি।
তবে মাঠে বল গড়িয়েছে, এমন ম্যাচগুলোর মধ্যে সংক্ষিপ্ততম ম্যাচ এখন যৌথভাবে দুটি। দুটিতেই রয়েছে নিউজিল্যান্ডের নাম। ২০১৩ সালে ওভালে ইংল্যান্ডের পর গতকাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ স্থায়ী হয়েছে ২ বল। রেকর্ডগড়া দুটি ম্যাচেই স্কোরটা একই- ০.২ ওভারে ২/১। দুই ম্যাচেই একজন ব্যাটার আউট হয়েছেন ইনিংসের দ্বিতীয় বলে। ওভালে নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকলানাহানের বলে আউট হয়েছিলেন ইংলিশ ওপেনার মাইকেল লাম্ব। আর গতকাল শাহিন শাহ আফ্রিদির করা দ্বিতীয় বলে আউট হন নিউজিল্যান্ডের টিম রবিনসন।
আগামীকাল রাওয়ালপিন্ডিতে মঞ্চস্থ হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১, ২৫ ও ২৭ এপ্রিল।
