‘আক্ষেপ’ নিয়ে বিদায় এসি মিলানের
জুতসই মৌসুম কাটছে না এসি মিলানের। ইতালিয়ান সিরি আ’র দৌড়ে শীর্ষস্থানীয় ইন্টার মিলানের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকা রোজেনেরিরা বাদ পড়েছে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল থেকে। এবার উয়েফা ইউরোপা লীগেও এসি মিলানের যাত্রা থামলো শেষ আটে। বৃহস্পতিবার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক এএস রোমার কাছে ২-১ গোলে হারে মিলানের দলটি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে পিছিয়ে বিদায় নেয় এসি মিলান। প্রথম লেগে ১-০ গোলে জিতিয়েছিল রোমা। ইউরোপা লীগ থেকে বিদায়ের পর রোমার শ্রেষ্ঠত্ব মেনে নেন এসি মিলান কোচ স্টেফানো পিওলি। জানান আক্ষেপের কথা।
ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় রোমা। গোলটি করেন ইতালিয়ান সেন্টার ব্যাক জিয়ানলুসা মানচিনি। ২২ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ৩১ মিনিটে ধাক্কা খায় রোমা। এসি মিলানের ফুটবলারকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখেন রোমার তার্কিশ ডিফেন্ডার মেহমেত জেকি সেলিক। ১০ জনের দলকে পেয়ে একটি গোলে ব্যবধান কমালেও জয় প্রত্যাবর্তন করতে পারেনি এসি মিলান। ম্যাচে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার মাতেও গাবিয়া।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এসি মিলান কোচ স্টেফানো পিওলি বলেন, ‘আক্ষেপ নিয়ে আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলাম। দুই লেগেই রোমা আমাদের চেয়ে ভালো মান দেখিয়েছে, তাদের লক্ষ্য অটুট ছিল। এই জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’
পিওলি বলেন, ‘আমরা যোগ্যতা দেখাতে পারিনি। সত্যি বলতে, ভালো সুযোগ আমরা তৈরি করতে পারিনি। যে সুযোগগুলো পেয়েছি, তা কাজে লাগানো উচিত ছিল।’
একজন কম নিয়ে ম্যাচের সিংহভাগ খেলা রোমার বিপক্ষে নৈপুণ্য দেখাতে না পারার আক্ষেপ নিয়ে পিওলি বলেন, ‘১০ জনের দলকে পেয়েও যথাযথ সুবিধা আমরা নিতে পারিনি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর প্রত্যাবর্তনের মতো মানসিকতা দেখাতে ব্যর্থ হয়েছি।’
আগামী ২ মে রাতে ইউরোপা লীগ সেমিফাইনালের প্রথম লেগে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে আতিথ্য দেবে এএস রোমা।
