কত টাকা আয় করে ফিরছেন মোস্তাফিজ?
আইপিএল
আইপিএলের পুরো মৌসুম খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে মাঝপথেই বাংলাদেশে ফিরতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের টাইগার পেসারকে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির পুরো আসর না খেলায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বেন মোস্তাফিজ।
আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে মোস্তাফিজকে আগামী ১ মে পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় আইপিএলের প্রথম পর্বে চেন্নাইয়ের শেষ চার ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ। আইপিএলের ১৭তম আসরের নিলাম থেকে ২ কোটি রুপিতে মোস্তাফিজকে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। মৌসুমের মাঝপথে ফেরায় নিলামের পুরো অর্থ পাবেন না টাইগার পেসার। আইপিএলের পারিশ্রমিকের নিয়ম, গ্রুপপর্বের ১৪টি ম্যাচ খেললে পুরো টাকাই দেয়া হয় চুক্তিবদ্ধ ক্রিকেটারকে। আর ম্যাচ কম খেললে দেয়া হয় আনুপাতিক হারে পারিশ্রমিক। সেই হারে প্রতি ম্যাচে মোস্তাফিজ ম্যাচপ্রতি পারিশ্রমিক পাচ্ছেন ১৮ লাখ ৭২ হাজার টাকার কিছু বেশি। একইসঙ্গে দৈনিক ভাতা, ম্যাচসেরার পুরস্কার, উইনিং বোনাসসহ আইপিএলে আরো অর্থ আয়ের উৎস রয়েছে। সব মিলিয়ে এবারের আইপিএল থেকে ১ কোটি ২৮ লাখের কিছু বেশি আয় হবে কাটার মাস্টারের। এতে ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে প্রায় ৭২ লাখ রুপি কম পাবেন মোস্তাফিজ। বাংলাদেশি মুদ্রায় যা ৯৪ লাখ ৩১ হাজার ৬২৮ টাকারও বেশি বা প্রায় ১ কোটি টাকা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের ৫ ম্যাচ খেললে মোস্তাফিজের আয় হবে ১২ লাখ ৫০ হাজার টাকা, যা আইপিএলের এক ম্যাচের চেয়েও অনেক কম।
বাংলাদেশি পেসারের বদলিও পেয়ে গেছে চেন্নাই সুপার কিংস। কাটার মাস্টারের শূন্যস্থান পূরণ করবেন ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। গত ফেব্রুয়ারিতে আঙুলে চোট পান ডেভন কনওয়ে। সার্জারির পর আগামী মাসে তাকে পাওয়ার আশা করেছিল চেন্নাই সুপার কিংস। তবে শেষ পর্যন্ত চোটের কারণে আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গেলেন কিউই ব্যাটার। মূলত তার বদলি হিসেবেই রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে চেন্নাই। ব্যাটারের পরিবর্তে পেসার নেয়ার কারণটা মোস্তাফিজুর রহমান। দ্য ফিজের অভাব মোচন করতেই গ্লিসনকে ভিড়িয়েছে চেন্নাই।
