যে কারণে আইপিএল খেলা হয়নি শরিফুলের
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দ্যুতি ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার। আরেক টাইগার বোলার শরিফুল ইসলামেরও আইপিএল খেলার সম্ভাবনা জেগেছিল। তবে সেটি সম্ভব হয়নি।
গত এক বছর ধরেই বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার শরিফুল ইসলাম। জাতীয় দলের নিয়মিত একাদশের সদস্য বনে যাওয়া এই পেসার চলমান ডিপিএলেও রয়েছেন দারুণ ছন্দে। দুর্দান্ত শরিফুল ইসলাম ডাক পেয়েছিলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সীমাবদ্ধতায় আইপিএলে যাওয়া হয়নি শরিফুলের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লখনৌ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল। সে জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিতো বিসিবি, তাহলে হয়তো...। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে, সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’
ভবিষ্যতে আইপিএল খেলার প্রত্যয় জানিয়ে শরিফুল বলেন, ‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে। সুস্থ থাকলে, (পারফরম্যান্স) যেভাবে যাচ্ছে, এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন (জাতীয় দলের) কোনো খেলা না থাকে। ইচ্ছা আছে... হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
